নিজস্ব প্রতিবেদক | Sylhet Bulletin

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘ প্রায় ৪৫ বছর ধরে পলাতক থাকা মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা মোজাফফর হোসেনকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত একটি বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তার হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম পরিচালিত হয় এবং আদালত তাদের মধ্যে কয়েকজনকে মৃত্যুদণ্ড দেন।
মেজর (অব.) মো. মোজাফফর হোসেন ওই মামলার দণ্ডপ্রাপ্ত আসামিদের একজন ছিলেন। রায় ঘোষণার পর তিনি দীর্ঘ প্রায় ৪৫ বছর আত্মগোপনে ছিলেন। অবশেষে গোয়েন্দা পুলিশের অভিযানে তিনি গ্রেপ্তার হন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মামলার রায় কার্যকর করার লক্ষ্যে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
