সিলেট প্রতিনিধি:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেট সফরকে কেন্দ্র করে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এলাকায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকরা বিএনপির পরবর্তী কর্মসূচিগুলোর সংবাদ সংগ্রহ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে আসেন হুমায়ুন কবির। জুমার নামাজ শেষে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে তাঁর কথা বলার কথা ছিল।
সাংবাদিকদের ভাষ্য, প্রতিমন্ত্রী মাজার থেকে বের হওয়ার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের ব্যাপক ভিড় ও ধাক্কাধাক্কির কারণে সংবাদ সংগ্রহের পরিবেশ বিঘ্নিত হয়। পরে সাংবাদিকরা মাজারের বাইরে অবস্থান নিলে কয়েকজন নেতাকর্মী তাদের দিকে এগিয়ে আসেন এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা ও মারমুখী আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে। ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং কয়েকজন সাংবাদিককে ধাক্কাধাক্কির অভিযোগও এসেছে।
ঘটনায় কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাংবাদিকদের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরাপত্তার স্বার্থে তাদের ঘটনাস্থল ত্যাগ করতে হয়। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা।
ঘটনার প্রতিবাদে সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকরা বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিমন্ত্রীর মতবিনিময় সভায় অংশ নেননি এবং বিএনপির পরবর্তী কর্মসূচির সংবাদ সংগ্রহ বয়কটের ঘোষণা দেন।
এদিকে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বিষয়টি তদন্ত করে দেখার কথা জানিয়েছেন। তিনি বলেন, কী কারণে এমন ঘটনা ঘটেছে এবং কারা জড়িত, তা খুঁজে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, একই দিনে জেলা পরিষদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেন।

