নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের প্রথম সাত মাসে দেশের বিভিন্ন থানায় ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে বা তারা পরিবারের কাছে ফিরে এসেছে। তবে এখনো ২ হাজার ৩৮ শিশুর সন্ধান পাওয়া যায়নি, যা মোট নিখোঁজের প্রায় ১৩ শতাংশ।
পুলিশ সদর দপ্তর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে বিভিন্ন গণমাধ্যমে সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজের খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়। পরে পুলিশ সদর দপ্তর মাঠপর্যায়ে সংশ্লিষ্ট থানার মাধ্যমে তথ্য যাচাই করে নিখোঁজ ও উদ্ধার হওয়া শিশুদের পরিসংখ্যান তুলে ধরে।
বয়সভিত্তিক চিত্র
পুলিশের তথ্য অনুযায়ী, শূন্য থেকে ৯ বছর বয়সী শিশু নিখোঁজের ঘটনায় জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৪৭৪টি জিডি হয়েছে। এর মধ্যে ৪০৬ শিশুকে উদ্ধার করা হয়েছে, আর এখনো ৬৮ শিশুর সন্ধান মেলেনি।
অন্যদিকে ১০ থেকে ১৭ বছর বয়সী শিশুদের নিখোঁজের ঘটনায় জিডি হয়েছে ১৫ হাজার ২৪৩টি। এদের মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা হয়েছে বা তারা ফিরে এসেছে। এখনো ১ হাজার ৯৭০ জনের সন্ধান পাওয়া যায়নি।
কেন নিখোঁজ হচ্ছে শিশুরা?
পুলিশ সদর দপ্তর বলছে, ছোট শিশুদের ক্ষেত্রে পরিবারের সঙ্গে অপরিচিত জায়গায় গিয়ে পথ হারানো, পরিবারের সদস্যদের নাম-ঠিকানা বলতে না পারা কিংবা একা বাড়ি ফেরার সময় অন্যত্র চলে যাওয়ার মতো ঘটনা নিখোঁজ হওয়ার অন্যতম কারণ।
১০ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের ক্ষেত্রে পারিবারিক কলহ, অভিমান, পড়াশোনার চাপ, বন্ধু বা সহপাঠীদের প্রভাব, স্বাধীনভাবে জীবনযাপনের আকাঙ্ক্ষা এবং বিভিন্ন ধরনের পারিবারিক ও সামাজিক সমস্যাকে কারণ হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
সিলেটের জন্যও সতর্কবার্তা
সাম্প্রতিক সময়ে সিলেটেও শিশু নিখোঁজ ও অপহরণের একাধিক ঘটনা সামনে এসেছে। গত মে মাসে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও এলাকায় চার বছর বয়সী ফাহিমা আক্তার বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়।
আবার জুনে সিলেটের মোগলাবাজার এলাকা থেকে নিখোঁজ হওয়া এক স্কুলছাত্রীকে ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার করে র্যাব-৯। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়।
বিশেষজ্ঞদের মতে, শিশু নিখোঁজের ঘটনায় দ্রুত থানায় জিডি করা, ছবি ও প্রয়োজনীয় তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই ছাড়া কোনো তথ্য ছড়িয়ে না দেওয়া গুরুত্বপূর্ণ।

